Top News

ইরানের হামলার মুখে মধ্যপ্রাচ্যে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা: হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নেওয়ার খবর


 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের হামলার আশঙ্কা এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র তাদের অনেক সামরিক ঘাঁটি আংশিকভাবে খালি করে সেনাদের নতুন কৌশলগত অবস্থানে সরিয়ে নিচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে।

কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে অনেক সেনাকে সামরিক ঘাঁটি থেকে সরিয়ে অন্য জায়গায় অবস্থান নিতে হয়েছে।

মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানানো হয়—হাজার হাজার মার্কিন সেনা বর্তমানে হোটেল, ব্যক্তিগত বাসাবাড়ি এবং আবাসিক এলাকায় অবস্থান করছে। এর ফলে কিছু এলাকায় আবাসন সংকটও তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা একটি বিবৃতিতে মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সেখানে বলা হয়, যারা আবাসিক এলাকায় মার্কিন সেনাদের অবস্থান দেখবেন তারা যেন সেই তথ্য জানায়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র নাকি স্থানীয় জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, হোটেল বা আবাসিক এলাকায় মার্কিন সেনাদের আশ্রয় না দিতে এবং তাদের অবস্থান সম্পর্কে সতর্ক থাকতে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে তথ্য পাঠানোর আহ্বানও জানানো হয়েছে।

অন্যদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলার একটি ঘটনায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

মাখোঁ এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ফরাসি সেনাবাহিনী জানিয়েছিল, ওই এলাকায় ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়া ছয়জন ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পুরো অঞ্চলেই নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।



#ইরান, #যুক্তরাষ্ট্র, #মধ্যপ্রাচ্য, #মার্কিনসেনা, #আইআরজিসি, #ইরাক, #ফ্রান্স, #আন্তর্জাতিকরাজনীতি, #মধ্যপ্রাচ্যসংঘাত

Post a Comment

নবীনতর পূর্বতন